
নিউজ ডেস্কঃ বিগত নির্বাচন প্রসঙ্গে বরিশালে একটি বক্তব্য দিয়েও পরে সেটি ‘গণমাধ্যমে খণ্ডিতভাবে এসেছে’ দাবি করা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাশেদ খান মেনন এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি অলরেডি ‘ইউটার্ন’ নিয়ে ফেলেছেন। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডির হোয়াইট হলে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে কাদের একথা বলেন। গত ১৯ অক্টোবর দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়াকার্স পার্টির বরিশাল জেলা শাখার সম্মেলনে মেনন অভিযোগ করেন, বিগত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এ সভাপতি বলেন, আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। আমি সাক্ষী দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ, তারা ভোট দিতে পারে নাই।
পরদিনই এক বিবৃতিতে মেনন বলেন, বরিশাল জেলা পার্টির সম্মেলনে আমার একটি বক্তব্য সম্পর্কে জাতীয় রাজনীতি ও ১৪ দলের রাজনীতিতে একটা ভুল বার্তা গেছে। আমার বক্তব্য সম্পূর্ণ উপস্থাপন না করে অংশ বিশেষ উত্থাপন করায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের বিভিন্ন পরিসরে আলোচনা চলছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, রাশেদ খান মেনন এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি অলরেডি ‘ইউটার্ন’ নিয়ে ফেলেছেন। তিনি বলছেন, তিনি কথাটি ওভাবে বলেননি, মিডিয়ায় তার বক্তব্য খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে। তিনি একটি দলের সভাপতি, তার অবস্থান ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়ে আমার মন্তব্য করাটা সমীচীন নয়। ১৪ দলে মেননের বক্তব্য নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। তবে আমি এটুকু বলতে পারি, শরিক দলের একজন নেতার কারণে ১৪ দল ভাঙতে পারে না। একজন ব্যক্তির জন্য একটি জোটের অপমৃত্যু হতে পারে না।