News71.com
 Bangladesh
 21 Oct 19, 11:02 PM
 109           
 0
 21 Oct 19, 11:02 PM

মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম ।।

মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম ।।

নিউজ ডেস্কঃ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশহিসেবে মঙ্গলবার বাদ জোহর ঢাকা বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। এতে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের প্রতিটি জেলা শহর থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী জানান, কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের লক্ষ্যে আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে বারিধারাস্থ কার্যালয়ে সোমবার মহানগর নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মসূচি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগরীর নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক গণসংযোগ, সমন্বয়সাধনসহ প্রস্তুতিমূলক বিভিন্ন সিদ্ধান্ত ও দায়িত্ব বণ্টন করা হয়। ইতিমধ্যেই প্রশাসনিক অনুমতির জন্যও লিখিত আবেদন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বৈঠকে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ভোলায় ইসলাম অবমাননা এবং তাওহিদি জনতার প্রতিবাদ সমাবেশে পুলিশি নৃশংসতার কঠোর প্রতিবাদ ও বিচার দাবিতে মঙ্গলবার বাদ জোহর ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে হেফাজতে ইসলামের আয়োজনে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করা হবে। ঈমান-আক্বিদার সুরক্ষা ও পুলিশি নৃশংসতার প্রতিবাদে ইনশাআল্লাহ এতে তৌহিদি জনতার ঢল নামবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন