
নিউজ ডেস্কঃ ছাত্ররাজনীতি তার গৌরবোজ্জ্বল ঐতিহ্য হারাতে বসেছে। তাই বিপর্যয় থেকে উত্তরণের জন্য ছাত্ররাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে। ছাত্ররা এ জাতির ভবিষ্যৎ। সেই ভবিষ্যতকে আমরা অন্ধকারের পথে ঠেলে দিতে পারি না। সোমবার (২১ অক্টোবর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একথা বলেন। তিনি বলেন, আমি জাতীয় ছাত্রসমাজকে আলোকবর্তিকা হিসেবেই গড়ে তুলতে চাই। বর্তমান ছাত্ররাজনীতি যে পথে গেছে- তা জাতির জন্য একটি অশনি সংকেত। জাতীয় ছাত্রসমাজের প্রত্যেক নেতা-কর্মী পল্লীবন্ধু এরশাদের আদর্শে উজ্জীবিত হবে। তাদের নিজেদের আদর্শের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। পল্লীবন্ধু এরশাদ কখনও ছাত্রসমাজকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাননি। তিনি ছাত্রদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়ার দীক্ষা দিয়েছেন। এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু।