
নিউজ ডেস্কঃ রাজধানীর সোয়ারীঘাট এলাকায় উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। রোববার (২০ অক্টোবর) র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর চকবাজারের সোয়ারীঘাট এলাকায় অভিযান চালায়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য আবদুল্লাহ আল মামুন ওরফে সাগরকে (২৮) লিফলেট বিতরণের সময় আটক করা হয়। তার কাছ থেকে ১৪২টি উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক লিফলেট এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদের পর র্যাবের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে তিনি সক্রিয়ভাবে জড়িত। তিনি ও তার সঙ্গীরা একে অপরের যোগসাজশে গণতন্ত্রমনা জনসাধারনের নিকট বিভিন্ন প্রকার উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতার সৃষ্টি করেন। নিরাপত্তা বিঘ্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরুপ ধারণা প্রদান করে সাধারণ মানুষদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অপতৎপরতা চালিয়ে আসছিল। আটক আবদুল্লাহ'র বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।