
নিউজ ডেস্কঃ দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বাড়ছে ছোট-বড় স্থাপনা ও নতুন নতুন যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার প্রবণতা। আর এতে প্রয়োজন পরছে সর্বাধুনিক প্রযুক্তির ভারি যন্ত্রপাতি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এধরনের যন্ত্র ও নির্মাণ সামগ্রী নিয়ে আয়োজিত প্রদর্শনীতে তাই দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়। গত একদশকে অর্থনীতির সাথে পাল্লা দিয়ে দেশে সরকারি-বেসরকারি বড় প্রকল্প গ্রহণের হার লক্ষ্যনীয়ভাবে বেড়েছে। এসব মেগা প্রকল্প যন্ত্রের ব্যবহার ছাড়া বাস্তবায়ন এখন অসম্ভব। তাছাড়া কম শ্রমিকের ব্যবহারে মানসম্মত নির্মাণ নিশ্চিতেও যন্ত্রের বিকল্পনেই। তাইতো বাজারের চাহিদা বুঝে এধরনের যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে আসছে। বিশাল আকারের ক্রেন, লোড ক্যারিয়ার, রোলার, রোড মেশিনারিজের সরাসরি উপস্থিতি চোখে পরে রাজধানীতে তিনদিনের এক প্রদর্শনীতে।
নির্মাণ ট্রান্সপোর্টসহ এধরনের ব্যবসায় আছেন কিংবা শুরু করতে চান এমন ক্রেতা-দর্শনার্থীরা জানছেন দরদাম ও নানা বিষয়।তারা বলেন, বর্তমান মূল্য কেমন তার ধারণা পেতেই এখানে এসেছি। ভালোই লাগছে। দাম ঠিকই মনে হচ্ছে। ভারি যন্ত্রপাতি ছাড়াও প্রদর্শনীতে ৬ টি আলাদা হলে অগ্নিনির্বাপণ, ইন্টেরিয়র-এক্সটেরিয়র সামগ্রী, সৌরবিদ্যুত, ভবন নির্মাণ উপকরণ বাজারজাতকারী প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। দেখা মেলে পূর্বাচলের নতুন ঢাকা কেন্দ্রিক বেশকিছু আবাসন প্রতিষ্ঠান। এবারের এক্সপোতে বাংলাদেশসহ ১৪ টি দেশের ২৬৭ টি প্রতিষ্ঠান অংশ নেয়। বিনামূল্য প্রবেশের সুযোগ নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে সমাগম ঘটে কয়েকহাজার ক্রেতা-দর্শনার্থীর।