
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক মুনাফার স্বার্থে বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশাল জনসংখ্যা রয়েছে এবং এই অবস্থাকে কাজে লাগিয়ে আমরা ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি।’ ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভ্যান খোয়া রবিবার (২০ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাতে গেলে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, ভিয়েতনাম বাংলাদেশিদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে এবং দু’টি রাষ্ট্রই তাদের স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ সবসময় ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার হস্তকে প্রসারিত করেছে। স্বাধীনের পর বাংলাদেশের একটি প্রতিনিধি দলের ভিয়েতনাম সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার বড় ছেলে শেখ কামালও ওই দলে অন্তর্ভুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী ভিয়েতনামের রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রীর কাছে তার শুভেচ্ছা পাঠান এবং ২০১২ সালে তার ভিয়েতনাম সফরের কথাও স্মরণ করেন। ভিয়েতনামের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের ব্যবসা, পর্যটন এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ স্থাপনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।