News71.com
 Bangladesh
 18 Oct 19, 11:01 PM
 94           
 0
 18 Oct 19, 11:01 PM

চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই ।।

চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই ।।

নিউজ ডেস্কঃ প্রথিতযশা চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই। তিনি শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খ্যাতিমান এই চিত্রশিল্পীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। খবর বাসসের গ্যালারি কসমসের নির্বাহী শিল্প ব্যবস্থাপক সৌরভ চৌধুরী শুক্রবার সন্ধ্যায় জানান, চারুকলায় একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকারকে বেলা দেড়টার দিকে তার ইস্কাটনের বাসার গোসলখানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। বেলা ২টার দিকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মরদেহ বর্তমানে বারডেমের হিমাঘরে রাখা হয়েছে উল্লেখ করে সৌরভ জানান, শিল্পীর দুই মেয়ে আমেরিকা প্রবাসী। বাবার মৃত্যুর সংবাদ শুনে তারা ইতিমধ্যে দেশের উদ্দেশ রওয়ানা হয়েছেন। তারা দেশে আসার পর কালিদাস কর্মকারের শেষকৃত্যের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রোববার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে নেয়া হবে। পরে তার মরদেহ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক, শিল্পকলা পদকসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন এই গুণী চিত্রশিল্পী। কালিদাস কর্মকারের জন্ম ১৯৪৬ সালে ফরিদপুরে। শৈশবেই তিনি আঁকতে শুরু করেন। স্কুল জীবন শেষে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ সালে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ সালে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইউরোপীয় আধুনিকতার ঘরানার শিল্পী ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন