
নিউজ ডেস্কঃ ক্ষতিকর দিক বিবেচনায় আইন করে ই-সিগারেট বন্ধ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, ই-সিগারেট বন্ধের কাজটি তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট না হলেও আমি প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করবো। সম্প্রতি ভারত ই-সিগারেট বন্ধ করেছে। আমাদেরও দ্রুত করা উচিত। এজন্য আইন প্রণয়ন করে বন্ধ করতে পারলে সবচেয়ে ভালো হবে। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, দেশে ধূমপায়ীর হার ৪১ শতাংশ থেকে ৩৫ শতাংশে নেমে এসেছে। আমাদের এ সংক্রান্ত আইন আছে। আইনটি সম্পূর্ণভাবে মানা না হলেও যতটুকু মানা হচ্ছে তাতেই এ হার কমেছে। মানুষ এখন আর খোলা জায়গায় ধূমপান করে না। এ কারণে কোম্পানিগুলো ই-সিগারেটের ব্যবসায় ঝুঁকেছে। এটির ক্ষতিকর দিক বিবেচনা করলে একে এখনই বন্ধ করা উচিত। নইলে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে হবে।