News71.com
 Bangladesh
 18 Oct 19, 10:58 PM
 42           
 0
 18 Oct 19, 10:58 PM

রোহিঙ্গাদের জন্য আর এক ইঞ্চিও বনভূমি দেয়া হবে না ।।

রোহিঙ্গাদের জন্য আর এক ইঞ্চিও বনভূমি দেয়া হবে না ।।

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, রোহিঙ্গাদের কারণে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পূরণ করা সম্ভব নয়। রোহিঙ্গা আশ্রয় দিতে গিয়ে বন গেছে, পশু-পাখির আবাসসহ ধ্বংস হয়েছে জীববৈচিত্র্য। ঝুঁকির মধ্যে রয়েছে বন্য হাতি। প্রায় ১০ হাজার গভীর নলকূপ থেকে প্রতিদিন পানি তোলায় ক্রমে নিচে নামছে স্তর আর দেখা দিয়েছে পানি সংকট। এটি চলতে থাকলে আগামীতে উখিয়া-টেকনাফ মরুভূমিতে রূপ নেবে। তাই রোহিঙ্গাদের জন্য আর এক ইঞ্চিও বনভূমি দেয়া হবে না। একাদশ জাতীয় সংসদের ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৮ম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সাবের হোসেন চৌধুরী। শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংসদীয় কমিটির এ বৈঠকে সভাপতি সাবের হোসেন চৌধুরী পাহাড় কাটা নিয়ে বলেন, যারা পাহাড় কাটবে তাদের রেহাই নেই। এনজিওরা পাহাড় কাটায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, সরকার পরিবেশ সুরক্ষার উপর খুবই গুরুত্ব দিচ্ছে। পাহাড় কাটা, বন ধ্বংস করাসহ নানাভাবে পরিবেশ ধ্বংস করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কক্সবাজারের সমুদ্র সৈকতের পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ সুরক্ষা হলেই মানুষসহ সমস্ত প্রাণীকুলের সুরক্ষা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন