
নিউজ ডেস্কঃ ‘টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তি’ স্লোগানে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় জীবপ্রযুক্তি মেলা-২০১৯। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এর উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় এ মেলার। শুক্রবার (১৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, এনআইবির মহাপরিচালক ড. মোহাম্মদ সলিমুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, আমরা আমাদের কর্তব্যের কতটুকু করতে পেরেছি আর আগামীতে কি করবো সেগুলোই তুলে ধরতে আমাদের এ আয়োজন। একই সঙ্গে, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের যে অগ্রগতি তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি বিজ্ঞানীদের আহ্বান জানাই তারা যেন নিজেদের দেশের তরে সোপর্দ করে কাজ করেন। বর্তমানে পৃথিবীতে জীবপ্রযুক্তি হলো সব চেয়ে এগিয়ে থাকা বৈজ্ঞানিক যন্ত্র। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাইতেন বাংলাদেশ হবে বিজ্ঞান নির্ভর সোনার বাংলা। এ জন্য বিজ্ঞানীদের ওপর তার অগাধ আস্থা ছিল। যে কারণে বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদার নেতৃত্বে তিনি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। দেশের গবেষক-বিজ্ঞানীদের দায়িত্ব নিতে হবে দেশের অধিকতর উন্নয়নে অবদান রাখায়।