
নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাট উপজেলার বালুঘাট এলাকায় পদ্মা ও বড়াল নদীর মোহনায় বাংলাদেশ সীমান্তে ঢুকে মাছ শিকারের সময় ভারতীয় জেলেদের আটক করাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে বিএসএফের কমান্ডার দাবি করেন, তাদের এক সদস্য মারা গেছেন, আরেকজন আহত হয়েছেন। বৈঠকে উভয়পক্ষ বিষয়টি তদন্ত করতে সম্মত হন। বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বৃহস্পতিবার রাতে রাজশাহীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভুল বোঝাবুঝির কারণেই এ দুর্ঘটনা। শিগগিরই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশের-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, পতাকা বৈঠকের কোনো প্রশ্নই আসে না। পতাকা বৈঠক করতে গেলে একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে। এ বিষয়টা তারাও (বিএসএফ) আমাকে বলেননি। আমি এখানেই প্রথম শুনলাম। ওখানে কোনো পতাকা বৈঠক হয়নি। পতাকা বৈঠক একটাই হয়েছে, বিকেলে আমার এবং তাদের কমান্ডেন্টের মধ্যে। তিনি বলেন, পতাকা বৈঠক হলে এতকিছু হওয়ার সুযোগ ছিল না। কারণ পতাকা বৈঠক স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। আর এই বিজিবি ২৫০ বছরের পুরাতন বাহিনী। এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই যে, তারা পতাকা বৈঠকে আসবে আর তাদের ওপর অতর্কিত আক্রমণ করা হবে।