
নিউজ ডেস্কঃ মিথ্যা তথ্য দিয়ে কেউ সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো ভাতা নিলে বা কাউকে ভাতা নিতে সহযোগিতা করলে সর্বোচ্চ ছয় মাসের জেল বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে এক ব্যক্তি একাধিক ভাতা নিলেও শাস্তির মুখে পড়তে হবে। এমন বিধান রেখে ‘সামাজিক নিরাপত্তা আইন, ২০১৯’ এর খসড়া প্রণয়ন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টদের মতামতসহ বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে খসড়াটি চূড়ান্ত করার কাজ করছে। বাংলাদেশে বর্তমানে ১৫০টির মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যাণ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বড় বড় কর্মসূচিগুলো বাস্তবায়িত হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, দুঃস্থ নারী, চা বাগানের শ্রমিক, বিধবা ও তালাকপ্রাপ্ত নারী, তৃতীয় লিঙ্গসহ পিছিয়ে পড়া মানুষদের ভাতা দিচ্ছে সরকার।
খসড়া আইনে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্যের মাধ্যমে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সুবিধা নেন, অন্য কোনো ব্যক্তিকে মিথ্যা তথ্যের মাধ্যমে ভাতা বা সুবিধা পেতে সহযোগিতা করেন, অন্যায়ভাবে কোনো যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা সুবিধা বা ভাতাপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, সামাজিক নিরাপত্তা ভাতা বা সুবিধাপ্রাপ্তিতে সহযোগিতার জন্য উৎকোচ গ্রহণ বা দাবি করেন তবে তিনি অপরাধী হবেন।’ এছাড়া সামাজিক নিরাপত্তা ভাতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিভাগ/দফতর/সংস্থার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে গাফিলতি বা পরিষদকে (আইনের অধীনে গঠিত জাতীয় সামাজিক নিরাপত্তা পরিষদ) সহযোগিতা না করেন বা অবহেলা প্রদর্শনের কোনো কাজ করেন তবে তিনিও এ আইনের আওতায় অপরাধ করেছেন বলে বিবেচিত হবে। এসব অপরাধের জন্য সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সামাজিক নিরাপত্তা পরিষদ গঠন করা হবে।