
নিউজ ডেস্কঃ অপরাধ না করেও পুলিশ আর আইনজীবীর ভুলে আসামি হয়ে দুইমাস কারাভোগ করাসহ ১৮ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরতে থাকা বাবলু শেখকে অবশেষে মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। আদেশে বাবলু শেখকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এ ঘটনায় দায়ী তদন্তকারী দুই পুলিশ ও তৎকালীন ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়ী আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনজীবী সমিতিকেও নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০০১ সালের ১৫ এপ্রিল নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামে একটি মারামারির মামলার আসামি শ্রী বাবুর পরিবর্তে সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের বাবলু শেখকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এরপর তৎকালীন আইনজীবী লুৎফর রহমান বাবু শ্রী বাবু নামেই বাবলু শেখের জমিন করান। সেই থেকে বাবুল শেখ হয়ে যান শ্রী বাবু। দু’দফায় দুমাস কারাভোগের পর ১৮ বছর ধরে হতদরিদ্র বাবলু শেখ নিজের সঠিক পরিচয় জানাতে ঘুরে বেড়াচ্ছেন আদালতের বারান্দায়। এ নিয়ে গত ১৮ ও ২০ সেপ্টেম্বর দেশের একটি বেসরকারি টেলিভিশনে দুটি বিশেষ প্রতিবেদন প্রচার হলে তা ব্যাপকভাবে আলোচিত হয়। পরে বাবলু শেখের পাশে দাঁড়ায় আইনজীবী ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।