
নিউজ ডেস্কঃ বেতন বৈষম্য নিরসনে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চিহ্নিত করে তাদের তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বুধবার (১৬ অক্টোবর) সব উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেতন বাড়ার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এ পর্যায়ে কোনো ধরনের দাবি আদায়ের কর্মসূচি পালিত হলে তা সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে। অধিকন্তু সরকারি কর্মচারীরা এ ধরনের কর্মসূচি ঘোষণা বা অংশগ্রহণ করা ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর সম্পূর্ণ পরিপন্থি। ‘এ ধরনের কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষককে চিহ্নিত করে প্রতিদিন উপজেলা থেকে তথ্য সংগ্রহপূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান কার্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’