
নিউজ ডেস্কঃ আত্মহননের এ প্রবণতা দিন দিন বাড়ছে। বিশ্বের কোনো না কোনো প্রান্তে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন আত্মহত্যা করছে। বছরে এই সংখ্যাটি দাঁড়ায় আট লক্ষ। মানসিক সমস্যা বা ভারসাম্যহীনতাই এর মূল কারণ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, কিশোর-কিশোরী বা শিক্ষার্থীদের মধ্যে এ প্রবণতা সবচেয়ে বেশি। এর গুরুত্ব উপলব্ধি করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) আয়োজন করেছে মানসিক স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘নট অল উন্ডস আর ভিজিবল’ অর্থাৎ ‘সব ক্ষত দৃশ্যমান নয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইডিইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মাহজারিন গাফফার। সেমিনারের প্রধান অতিথি ইডিইউ উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, সাধারণত অন্যান্য অসুস্থতা সকলেই অনুভব করতে বা দেখতে পারে। কিন্তু মানসিক সমস্যার ক্ষেত্রে কেবলমাত্র একজন বিশেষজ্ঞই পারে চিহ্নিত করে তা নিরাময়ের ব্যবস্থা করতে। এই সেমিনার শিক্ষার্থীদের মধ্যে নিজের ও আশপাশের মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে। ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, মানসিক অসুস্থতা সবসময় জিনগত নয়। অনেক সময় সামগ্রিক পরিস্থিতি ও প্রতিবেশে নানান ঘটনা জীবনে চলার পথে তীব্রভাবে প্রভাবিত করে, যা সাংঘর্ষিকভাবে আবির্ভূত হয় মানসিক অসুস্থতা রূপে। সে পারিপার্শ্বিকতা বা পরিবেশকে নিয়ন্ত্রণ সবসময় সম্ভব হয়ে ওঠে না। ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে, যা তাদের পড়ালেখা ব্যাহত করে। ১০ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি আয়োজন করে এ সেমিনার। এ বছর দিবসটি আয়োজনে মূল উপজীব্য হলো- আত্মহত্যার প্রবণতা প্রতিরোধ।