
নিউজ ডেস্কঃ স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা যদি ভুল স্বীকার করে আত্মসমর্পণের প্রস্তাব দেয়, তাহলে সরকার বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার(১৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা যদি ভুল স্বীকার করে আত্মসমর্পণের প্রস্তাব দেয় তাহলে আমরা ভেবে দেখবো। পাহাড়ে শান্তি ফেরাতে আমরা সব উদ্যোগকে স্বাগত জানাই।
তিনি বলেন সুন্দরবনের জলদস্যুরা ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে। যারা করেনি তাদের নির্মম পরিণতি হয়েছে। ‘খাগড়াছড়ি আমার প্রিয় একটি জেলা। এখানে অনেকবার এসেছি। পাহাড়ের অপার সৌন্দর্যমণ্ডিত এমন এলাকা খুব কমই দেখেছি। কিন্তু এই পাহাড়ে কেন এত অশান্তি, কেন এত বিভ্রান্তি তা আগামীকাল রাঙ্গামাটিতে যে বৈঠক হবে সেখান থেকে বিস্তারিত জানবো। পাহাড়ে কী নেই, কীসের অভাব। সরকার পার্বত্য চট্টগ্রামকে বিশেষভাবে গুরুত্ব দেয়। তারপরও কেন রক্তের হোলি হবে, অশান্তি হবে, তা খতিয়ে দেখবো।’ সমাবেশের আগে স্বরাষ্টমন্ত্রী ৪তলা বিশিষ্টি নবনির্মিত রামগড় মডেল থানা ভবন উদ্বোধন করেন। ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে এ ভবন নির্মাণ করা হয়।