
নিউজ ডেস্কঃ লাইসেন্স জালিয়াতি, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চার ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়ার রাণীরহাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান। কামরুল হাসান জানান, অভিযানে একটি ফার্মেসিতে ২০১৮ সালে মেয়াদ চলে যাওয়া ওষুধ পাওয়া যায়। আরেকটি ফার্মেসিতে জাল লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, লাইসেন্স জালিয়াতি, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ২০ হাজার, অন্য একটিকে ১০ হাজার এবং বাকি দুই ফার্মেসিকে ৫ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত প্রায় তিন লাখ টাকা মূল্যের ওষুধ ধ্বংস করা হয়েছে।