
নিউজ ডেস্কঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ধানক্ষেতের পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার টগড়া-উমেদপুরে কৃষি ব্লক মাঠে এই কর্মসূচির শুভ সূচনা করেন উজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা। ২০১৯-২০ অর্থবছরে খরিপ ২ মৌসুমে পিরোজপুর জেলার সকল উপজেলার মতো ইন্দুরকানী উপজেলার সকল ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন কর্মসূচি সূচনা করেন উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর। ধানক্ষেতে উপকারী ও ক্ষতিকারক পোকা উপস্থিতি নির্ণয়ের জন্য এই আলোক ফাঁদ স্থাপন করা হয়। এটি ফসলের মাঠে পোকামাকড়ের উপস্থিতি যাচাই এবং নিয়ন্ত্রণ করার একটি পরিবেশবান্ধব কৌশল। আলোর প্রতি আকৃষ্ট হয়ে পোকামাকড় উড়ে এসে আলোর উৎসের চারপাশে ঘোরাঘুরি করে। একপর্যায়ে নিচে ডিটারজেন্ট ও কেরোসিন মিশ্রিত পানির পাত্রে পড়ে যায়। উপস্থিত কৃষকরা জানান, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা নিধনে কোনো খরচ নেই এবং কীটনাশক ব্যবহার না করায় ক্ষেতেরও কোনো ক্ষতি হবে না। ক্ষতির হাত থেকে ফসল রক্ষায় পোকা দমনে কীটনাশকের ব্যবহার কমাতে পরিবেশবান্ধব আলোক ফাঁদ স্থাপনে কৃষকদের উদ্বুদ্ধকরণে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করে যাচ্ছে।