
নিউজ ডেস্কঃ বুয়েটে ভর্তি পরীক্ষার কারণে রোববার ও আজ সোমবার আন্দোলন শিথিল করেছেন শিক্ষার্থীরা। তবে আজ ভর্তি পরীক্ষা চলাকালীন আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করছেন বুয়েট শিক্ষার্থীরা। গণস্বাক্ষর শেষে আগমীকাল (মঙ্গলবার) থেকে আবার পুরোদমে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা। আজ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় সকাল থেকেই বুয়েট ক্যাম্পাসে অভিভাবকসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড় জমে। গত কয়েকদিনের থমথমে বুয়েট ভর্তি পরীক্ষার উৎসবের পরিবেশ ফিরে পায়। এ সময় ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পালিত এক কর্মসূচিতে আবরার হত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে আন্দোলনকারীরা। আর সেই ব্যানারে হাজারও শিক্ষার্থীকে স্বাক্ষর করতে দেখা গেছে। এ সময় সাংবাদিকদের কেউ কেই আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশ্ন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে, তাহলে আন্দোলন কেন? জবাবে তারা জানায়, মেনে নেয়ার ঘোষণা আর বাস্তবায়ন এক নয়। আশ্বাস পেয়ে আমরা কৃতজ্ঞ, তবে দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। তারা জানান, সবগুলো দাবি বাস্তাবায়ন না হওয়া পর্যণ্ত আন্দোলন চলবে। বুয়েটের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ আন্দোলন করছি আমরা।