
নিউজ ডেস্কঃ তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নীতির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, IAEA গাইড লাইন অনুযায়ী নীতিমালা করা হয়েছে। নিয়ম অনুযায়ী তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদনকারী দেশ রাশিয়াকে তা অপসারণ করতে হবে বলেও জানান তিনি। পাবনায় নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের সহযোগিতায় এগিয়ে চলছেপ্রকল্পের কাজ। ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যায়ের এই প্রকল্প থেকে ২০২৩ সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। কিন্তু পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে নানা আশঙ্কা রয়েছে। এ থেকে যে বর্জ্য উৎপাদন হবে তা পরিবেশের জন্য ক্ষতিকর। তবে বর্জ ব্যবস্থাপনায় নেয়া হচ্ছে আগাম সতর্কতা। সোমবার(১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবহার ও পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ে জাতীয় নীতির খসড়ার অনুমোদন দেয়া হয়। পরে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, চুক্তি অনুযায়ি প্রকল্পের পারমাণবিক বর্জ্য রাশিয়া তাদের দেশে নিয়ে যাবে। একইসাথে বর্জ্য ব্যবস্থাপনায় একটি কোম্পানি গঠনের কথা বলা আছে খসড়া নীতিমালায়।