
নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে দ্রুত পদক্ষেপ নেবে এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি)। সে লক্ষ্যে এডিবি’র এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার দুপুরে রাজধানীর অভিযাত একটি হোটেলে এক বৈঠক শেষে এ কথা জানায় এডিবির প্রতিনিধি দল। এডিবির শীর্ষ পর্যায়ের এই প্রতিনিধি দলের বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে ও সুইডেনে নিযুক্ত এডিবির নির্বাহী পরিচালক ক্রিস পান্ডে বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশ সরকারকে সমর্থন দেব। মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে যারা বাংলাদেশে অবস্থান নিয়েছে, তাদেরকে নিজ ভূমিতে ফিরে যেতে আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব। এটাকে আমরা সত্যিই গুরুত্ব দিচ্ছি।
এডিবির পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন কোরিয়া, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, তাইপেই ও চীনে নিযুক্ত এডিবির নির্বাহী পরিচালক ইন চেং সং; কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে ও সুইডেনে নিযুক্ত এডিবির নির্বাহী পরিচালক ক্রিস পান্ডে; বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ডে নিযুক্ত এডিবির অল্টারনেট এক্সিকিউটিভ ডিরেক্টর এনরিক গেলন; অস্ট্রেলিয়া, জার্মানি, লুক্সেমবার্গ, তুর্কি ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত এডিবির অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর বুরাক মুইজিনগলু; আফগান্তিান, বাংলাদেশ, ভুটান, ভারত, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানে নিযুক্ত এডিবির অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর বায়রা ম্মুহাম্মদ গেরাজেভ; জাপানে নিযুক্ত অল্টারনেটিভ ডিরেক্টর কেনজো ওহি এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।