
নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি ও বাড়তি টিউশন ফি’সহ অন্যান্য ফি আদায় করলেই প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও বন্ধসহ চাকরি থেকে বরখাস্তের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বা পর্ষদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্ত প্রতিষ্ঠানটির এমপিও বন্ধ করা হবে। এ লক্ষ্যে আগামী নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং শুরু করা হবে। এ বিষয়ে মো. সোহরাব হোসাইন বলেন, ‘প্রতিষ্ঠান থেকে আগেই জানাতে হবে তাদের আসন সংখ্যা কত। নির্ধারিত আসনের অতিরিক্ত ভর্তি করা যাবে না। সরকার নির্ধারিত কোটা ছাড়া অন্য কোনও কোটায় ভর্তির সুযোগ দেওয়া হবে না।’ ২০১৮ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অতিরিক্ত প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থী ভর্তি করা হয়। অভিযোগ ওঠে, গভর্নিং বডির সদস্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষকরা ভর্তি বাণিজ্য করেছেন। এসব অভিযোগের পর একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দুজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির সময় শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, ‘অতিরিক্ত ভর্তি ও বাড়তি ফি আদায় মনিটরিং করা হবে শুরু থেকেই। এ বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না। কঠোরভাবে মনিটরিং চলবে শেষ পর্যন্ত।’