
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেজবোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেছেন, তার বোন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। জরুরিভিত্তিতে তার উন্নত চিকিৎসা দরকার। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। সেলিমা ইসলাম বলেন, আমরা দেখে এলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। তার জরুরিভাবে উন্নত চিকিৎসা দরকার। ‘চিকিৎসকরা বলেছেন তিনি সুস্থ আছেন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সব মিথ্যা কথা। আমরাতো এখনই দেখা এলাম, তিনি কি অবস্থায় আছেন। তাকে বিদেশে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার যদি চায় তাহলেই তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের সঙ্গে কিছু বলেননি। শুক্রবার বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবারের ছয় সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।