
নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হত্যা মামলার যাবতীয় খরচ বহন করবে বুয়েট প্রশাসন। বুয়েটে উপাচার্যের সাথে শিক্ষার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। একই সময় বুয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বুয়েটে স্থায়ীভাবে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বুয়েট শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে কথা বলার জন্য শুক্রবার বেলা ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা।