
নিউজ ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে মাদক কারবারিকে ধরতে গিয়ে আটক বাংলাদেশের র্যাবর তিন সদস্য ও দুই নারী সোর্সসহ পাঁচ জনকে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। জানা গেছে, আটক তিন র্যাব সদস্য হলেন কনস্টেবল রিদান বড়ুয়া, আবদুল মজিদ ও সৈনিক মো. ওয়াহিদ। র্যাবের সঙ্গে থাকা দুই নারী সোর্স হলেন কুমিল্লার শুভপুরের জাকির হোসেনের স্ত্রী লিজা আক্তার ফুফি, সুজানগরের মাইনুদ্দিনের স্ত্রী মনি বেগম। র্যাব -১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার মুহিতুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে র্যাব সদস্যরা কুমিল্লা থেকে আশাবাড়ি এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় মাদক চোরাকারবারীদের ধাওয়ার একপর্যায়ে র্যাবের কয়েক সদস্য অসাবধানতাবশত ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ঢুকে পড়ে। এতে ভারতীয় নাগরিকরা তাদেরকে আটক করে একটি পিস্তল, ৭টি বুলেট ও অন্যান্য সামগ্রীসহ বিএসএফের নিকট হস্তান্তর করে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহাজান কবির জানান, বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়েছে। সবার সব মালামাল বুঝে পেয়েছে। তবে রিদান বড়ুয়ার আইডি কার্ডটি পাওয়া যায়নি।