
নিউজ ডেস্কঃ ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা আমরা কখনো ভুলবো না। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এক কোটি বাঙালিকে আশ্রয় দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল ভারত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল পৌনে ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) মুদ্রণ প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী 'প্রিন্টেক বাংলাদেশের-’১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, ভারত বড় দেশ। আমরা সবসময় ভারতকে সম্মান করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি বলেন, আমি ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধ করবো, বাংলাদেশ ও ভারতের ট্রেড ও ব্যালেন্স কমিয়ে আনা দরকার। এ বার্তা আপনাদের সরকারকে দেবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহিদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, প্রমুখ। পরে ডেপুটি স্পিকার আন্তর্জাতিক এ মেলার উদ্বোধন করেন এবং স্টলগুলো ঘুরে দেখেন।