
নিউজ ডেস্কঃ ছাত্র সংগঠনগুলিকে রাজনৈতিক দলগুলির অঙ্গ সংগঠন হিসাবে ব্যবহার না করার যে বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আছে, তা অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। একইসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও তুলেছে সংগঠনটি। সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৯ অক্টোবর) এসব দাবি করা হয়েছে।
আরপিও’র ৯০(বি) অনুচ্ছেদ অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র বা শিক্ষক; কোনো আর্থিক, বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠানের কর্মচারী বা শ্রমিক এবং অন্য যেকোনো পেশার সদস্যদের নিয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গ ও সহযোগী সংগঠন গঠন করতে পারবে না। এই বিধান না মানলে সংশ্লিষ্ট দলগুলোর নিবন্ধন বাতিলের ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। দলগুলো তাদের গঠনতন্ত্রে এই ধরনের সংগঠনগুলো না রাখলেও প্রতিটি দলেরই এমন সংগঠন রয়েছে। সুজনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ফেসবুকে নিজের রাজনৈতিক মত প্রকাশ করার জন্য নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় সারাদেশের মানুষ এখন স্তব্ধ। নাগরিক সংগঠন হিসেবে সুজন মনে করে সব নাগরিকের ভিন্নমত ধারণ এবং তা প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। কোনোভাবেই কেউ যেন তাতে বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে হবে।