
নিউজ ডেস্কঃ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিএনপির প্রধান কার্যালয়। একই সঙ্গে অল্পের জন্য বেঁচে গেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।মঙ্গলবার (৮ অক্টোবর) নয়াপল্টন ভিআইপি রোডে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও পাশে হোটেল ভিক্টোরির মাঝের গলিতে বেলা সাড়ে ১১টায় আগুন লাগে। আগুন ভয়াবহ আকার ধারণ করার আগেই বিএনপি কার্যালয়ের কর্মীরা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন পুরোপুরি নেভায়।এ ঘটনার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন, তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, কয়েকজন অফিস সহকারীসহ অর্ধশতাধিক নেতাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলীয় নেতাকর্মীরা।
হঠাৎ করে পাশের গলির ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখে তারা সবাই বাইরে বের হয়ে আসেন। পাশের হোটেল ভিক্টোরি থেকে পাঁচটি ফায়ার স্টিংগুইসার (আগুন নেভানোর গ্যাস) এনে বিএনপি অফিসের কর্মীরা প্রাথমিকভাবে আগুন কমিয়ে ফেলেন। এসময় অফিস সহকারী আবু সাঈদ আজাদ, শামীম হোসেনসহ অনেকেই পানি ও গ্যাস দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ১৫/২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বলেন, বিএনপি অফিসে আগুন লেগেছে এমন খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট সেখানে যায়। বিএনপি অফিস ও হোটেল ভিক্টোরির মাঝে যে খালি জায়গা আছে সেখানে আগুন লেগেছিল। আমাদের ফায়ারকর্মীরা গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।