
নিউজ ডেস্কঃ ইলিশের বংশ বিস্তারের লক্ষ্যে প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরায় আবারও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞার আওতায় ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচা, মজুদ ও বিনিময় সম্পূর্ণ বন্ধ থাকবে। এর আগে, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর মাত্র আড়াই মাসের ব্যবধানে আবারও ২২ দিনের নিষেধাজ্ঞার মুখে পড়ছে জেলেরা। এ খবরে জেলার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। ইলিশের ভরা মৌসুমে এ ধরনের নিষেধাজ্ঞার কারণে জেলেরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, তেমনি সামুদ্রিক মাছের সংকটে পড়বে দেশ- এমনটাই মনে করছেন তারা। বঙ্গোপসাগর থেকে ইলিশ আহরণের মৌসুম মাত্র পাঁচ মাস। এর মধ্যে জেলেদের প্রায় আড়াই মাস নিষেধাজ্ঞার কারণে বেকার থাকতে হচ্ছে। দীর্ঘদিন বেকার থাকায় ঋণে জড়িয়ে পড়ছেন তারা। এ ক্ষতি মেনে নিয়ে বাংলাদেশি জেলেরা মাছ আহরণ বন্ধ রাখলেও দেশের জলসীমায় প্রবেশ করে বিদেশি জেলেরা ঠিকই মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে, বাংলাদেশে সামুদ্রিক মাছের ঘাটতি দেখা দিচ্ছে।