
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে কালী নদীর উপর নির্মিত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে সেতুটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। ৫২০.৬০ মিটার সেতুটি ৭১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সেতুটি উদ্বোধন হওয়ার ফলে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার মধ্যে সংযোগ স্থাপন হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান মো. মুছা মিয়া (সিআইপি), ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ আরো অনেকে।