
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চুক্তি না পড়ে, না বুঝেই যারা হতাশা প্রকাশ করেন, সেটা তাদের পুরনো কুঅভ্যাসেরই ফল। সব কিছুতেই হতাশা ব্যক্ত করা, না পড়েই প্রতিক্রিয়া জানানো তাদের অভ্যাস, এমনকি নিজের ব্যাপারেও তারা আশাবাদী নন বলেই মনে হয়। সেকারণেই তারা বোঝেননি যে, এলপিজি মানে প্রাকৃতিক গ্যাস নয়, বরং ‘ক্রুড অয়েল’ বা অশোধিত পেট্রোলিয়াম পরিশোধন করার সময় প্রাপ্ত উপজাত, যা রপ্তানির সুযোগ দেশের জন্য অর্থনৈতিকভাবে অনেক লাভজনক। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ভারত সফরে সম্পাদিত চুক্তি বিষয়ে বিএনপি, বাসদ ও তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা পরিষদের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির সভাপতি এইচ টি ইমাম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। ড. হাছান মাহমুদ এসময় ব্যাখ্যা করে বলেন, বিদেশ থেকে আমরা যে ‘ক্রুড অয়েল’ আমদানি করি তা ‘রিফাইন’ বা পরিশোধন করার সময় তেলের পাশাপশি প্রাপ্ত উপজাত হচ্ছে এই এলপিজি, যা রপ্তানির সুযোগ আমাদের অর্থনীতির জন্য সুসংবাদ।