
নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার সুরক্ষিত রাখতে তিনটি পৃথক ব্যাকআপ রাখছে নির্বাচন কমিশন (ইসি)। এতে শক্তিশালী ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলেও কোনো ক্ষতি হবে না। সূত্রগুলো জানিয়ে, বর্তমানে ইসলামীক ফাউন্ডেশন ভবনে ইসির সার্ভার রয়েছে। যা পর্যায়ক্রমে স্থানান্তর করা হচ্ছে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। শুধু স্থানান্তরই নয়, বাড়ছে এর ধারণ ক্ষমতা। বৃদ্ধি পাচ্ছে সাড়া দেওয়ার প্রবণতাও। কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি সংশোধনে প্রতিদিনের হাজার হাজার আবেদন, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম, ভোটার তালিকার কার্যক্রম, এনআইডি যাচাই ইত্যাদি কাজের জন্য প্রতিটি সেকেন্ড ব্যস্ত থাকে ইসির সার্ভার। অনেক সময় হিট বেড়ে গেলে সার্ভার সাড়া দিতে পারে না।
বর্তমানে ইসির এনআইডি সার্ভারের ধারণক্ষমতা ৫০ টেরাবাইট। এরমধ্যে ৪৫ টেরাবাইট ব্যবহৃত হচ্ছে। যাতে সংরক্ষিত আছে ১০ কোটি ৪২ লাখ নাগরিকের তথ্য। এই সার্ভারের ধারণক্ষমতা বাড়িয়ে করা হচ্ছে ১৫০ টেরাবাইট। অর্থাৎ ৩০ কোটি নাগরিকের তথ্য সংরক্ষণের ক্ষমতা পাচ্ছে ইসির সার্ভার। সার্ভারের তথ্য যাতে প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতির মুখে না পড়ে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এজন্য বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার, কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি ও যশোরের আইটি পার্কে তিনটি ভিন্ন ডাটা সেন্টারে নাগরিকের তথ্য সংরক্ষিত রাখবে ইসি। এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এনআইডি তথ্য ভাণ্ডার জাতীয় সম্পদ। এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেবো না। নাগরিকের তথ্যভাণ্ডারের সুরক্ষা জীবন দিয়ে হলেও দেবো। তাই তিনটি পৃথক জায়গায় ডাটা সংরক্ষণ করবো। বিসিসি, কালিয়াকৈর ও যশোরে এগুলো রাখা হবে। ভূমিকম্পসহ বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেও আমাদের তথ্যের কোনো ক্ষতি হবে না।