
নিউজ ডেস্কঃ বাংলাদেশে প্রতি বছর সাড়ে তিন লাখেরও বেশি মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয় এবং ৭০ হাজারেরও বেশি মানুষ যক্ষ্মায় ভুগে মারা যায়। এদের মধ্যে ২০ ভাগের মৃত্যুর কারণ তামাক ব্যবহার। যক্ষ্মা সেবাদানকারীদের মাধ্যমে এই বিষয়ে তথ্য গ্রহণ এবং সহজ কিছু কাউন্সেলিংয়ের মাধ্যমে এই ধরনের মৃত্যু এড়ানো সম্ভব। তাই যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমে তামাক বর্জন কর্মসূচি যুক্ত করা জরুরি। রোববার (৬ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা আর্ক ফাউন্ডেশন পরিচালিত একটি গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা জানান। ‘স্বাস্থ্য ব্যবস্থায় তামাক বর্জন: বাস্তবতা ও সম্ভাবনা’ শীর্ষক গবেষণাটি ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় সম্পন্ন হয়েছে।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে যক্ষ্মায় আক্রান্ত রোগীদের শতকরা ১৮ ভাগই ধূমপায়ী। পুরুষ রোগীদের প্রতি তিন জনে একজন ধূমপান করেন। ধূমপানের কারণে যক্ষ্মা রোগীর মৃত্যুর সম্ভাবনা দুইগুণ বেড়ে যায়। এক্ষেত্রে যক্ষ্মা রোগীদের তামাক সেবনের অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য স্বাস্থ্য সেবাদানকারীর সংক্ষিপ্ত কাউন্সেলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তামাক বর্জনে এই ধরনের সহায়তা পেলে প্রতি বছর বাংলাদেশে ১৪ হাজার যক্ষ্মারোগী তামাকের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন আর্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. রুমানা হক।