News71.com
 Bangladesh
 07 Oct 19, 10:39 AM
 85           
 0
 07 Oct 19, 10:39 AM

১৩ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ঐক্যফ্রন্ট ।।

১৩ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ঐক্যফ্রন্ট ।।

নিউজ ডেস্কঃ আগামী ১৩ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। ওই দিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করবে এই জোট। এতে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর নেতারা বক্তব্য রাখবেন। রোববার (৬ অক্টোবর) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ঐক্যফ্রন্ট অতীতেও ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতে আমাদের ঐক্য আরও সুদৃঢ় হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতারের বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ এ নেতা বলেন, তিনি গ্রেফতার হলেন আজ। এর ১৫ দিন আগে তো তার কার্যালয়েই ছিলেন। তাহলে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকায় পৌঁছালেন? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কী করছিল?

তিনি বলেন, আমাদের আজ প্রশ্ন করে লাভ নেই। সম্রাট গ্রেফতার হয়েছেন। তার কাছ থেকে আপনারা বহু সাম্রাজ্যের খবর পাবেন। টপ টু বটম সবকিছুই আপনারা শুনতে পারবেন।প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে আ স ম আব্দুর রব বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের সম্পূর্ণ আলোচনা শেষ হয়নি। আমরা এ বিষয়ে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করবো না। জাতীয় ঐক্যফন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিকেল ৩টায় এ বৈঠক শুরু হয়। ড. কামালের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী,দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন