
নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। এটি একটি দুর্ঘটনা। এ মুহূর্তে দুঃখপ্রকাশ ছাড়া আমাদের করণীয় কিছু নেই। আমরা জানি, একটি মৃত্যু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। রেলের দুর্ঘটনায় আর কেউ যেন প্রাণ না হারায়, সে বিষয়ে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। রংপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত কলেজছাত্র আপেল মাহমুদের পরিবারকে সমবেদনা জানাতে এসব কথা বলেন তিনি। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর বারঘরিয়া গ্রামে নিহত আপেল মাহমুদের বাড়িতে আসেন ও তার পরিবারকে সমবেদনা জানান মন্ত্রী। এসময় নিহতের বাবা-মায়ের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন ও পরিবারের একজনকে রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
রেলমন্ত্রী বলেন, এ দুর্ঘটনার জন্য কারা দায়ী আর কারা দায়ী নয়, সেটি বের করার জন্য ইতোমধ্যে তদন্ত টিম গঠন করা হয়েছে। যে দু’জন ড্রাইভার বগি ঘোরানোর জন্য জড়িত ছিল, তাদের সাসপেন্ড করা হয়েছে। গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় ট্রেনের বগি ঘোরানোর সময় গাইবান্ধা কমিউনিটি নার্সিং কলেজের ছাত্র আপেল মাহমুদ চাপা পড়ে মারা যান। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের দিনমজুর আমিরুল ইসলামের ছেলে। কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।