News71.com
 Bangladesh
 07 Oct 19, 10:28 AM
 79           
 0
 07 Oct 19, 10:28 AM

দুই শতাংশ লুটেরাদের হাতে দেশের সিংহভাগ সম্পদ ।। রাশেদ খান মেনন

দুই শতাংশ লুটেরাদের হাতে দেশের সিংহভাগ সম্পদ ।। রাশেদ খান মেনন

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন বলেছেন, ৭৫ পরবর্তী সময়ে এ দেশের রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছিল, তা আর থামেনি। রাজনীতির সেই দুর্বৃত্তায়নের পথ ধরেই এখন অর্থনীতিতেও দুর্বৃত্তায়ন হয়েছে। দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী দুর্বৃত্তরা আজ চরম শক্তিশালী ও বেপরোয়া। রাষ্ট্রের কৃষক-শ্রমিক-মেহনতি জনতার সম্পদ লুট করে তারা সম্পদের পাহাড় গড়েছে। মাত্র দুই শতাংশ লুটেরাদের হাতে দেশের সিংহভাগ সম্পদ। রোববার (৬ অক্টোবর) ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন, তা অব্যাহত রাখতে হবে। সব ক্ষেত্রেই এ ধরনের শুদ্ধি অভিযান চালাতে হবে।

তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি একটি আদর্শিক সংগঠন। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সবসময় এসব দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে জোটে থাকলেও দলীয় হাতুড়ি প্রতীক নিয়েই নির্বাচন করবে ওয়ার্কার্স পার্টি। সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন বেজ কমান্ডার বীর প্রতীক রতন আলী শরীফ ও বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব হাওলাদার। এসময় চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুর রহমান ছাড়াও ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন