
নিউজ ডেস্কঃ ঢাকের বাজনার সঙ্গে সঙ্গে সন্ধ্যায় আলোকমালায় উদ্ভাসিত হয়ে উঠে ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রম। এ আশ্রমে এবার ৪০০ প্রতিমায় উদযাপন হচ্ছে দুর্গাপূজা। আশ্রমটি যশোর জেলার কেশবপুরে। দুর্গোৎসবকে ঘিরে বইছে এখানে সম্প্রীতির মিলনমেলা। দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন তরুণ-তরুণীরা। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি একসঙ্গে ৪০০ প্রতিমা দর্শনে এই আশ্রমে ভিড় করছেন ভিন্নরাও। এক কথায়, দুর্গোৎসব ঘিরে এই মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ঢল বর্ণিল সম্প্রীতির বহিঃপ্রকাশ। শুক্রবার (০৪ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হলেও শনিবার (০৫ অক্টোবর) সপ্তমীতে ভক্ত-দর্শনার্থীর ঢল নামে আশ্রমটিতে। মন্দির প্রাঙ্গণ এবং সংলগ্ন সড়কে আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। মন্দিরটির সাজসজ্জায় বৈচিত্র্য আনতে সংশ্লিষ্টরা নতুন নতুন উপকরণও ব্যবহার করেছেন। এছাড়া মণ্ডপের আশপাশে বসেছেও গ্রামীণমেলাও।
দর্শনার্থীরা জানান, এই মন্দিরের পূজার কথা অনেক আগ থেকে জেনে আসছেন তারা। খুলনা-যশোর অঞ্চলে এক মণ্ডপে এত প্রতিমা একসঙ্গে আর নেই। এ মন্দির পরিদর্শন না করলে যেন একটি অতৃপ্তি থেকে যাবে। তাই তারা এসেছেন। তারা বলেন, মণ্ডপের প্রতিমার রঙ, বৈচিত্র্য, আলোকসজ্জা- সর্বোপরি হাজারও মানুষের ঢল- এ যেন অন্যরকম এক বিনোদনের পরিবেশ তৈরি করে। পূজারি অরুন চক্রবর্তী বলেন, এখানে আমি ১৫ বছর ধরে পূজা করি। খুব শান্তিপূর্ণভাবে এখানে দুর্গা মায়ের পূজা হয়।