
নিউজ ডেস্কঃ রাজশাহীর শীর্ষ হেরোইন ব্যবসায়ী শীষ মোহাম্মদকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ছয়টি মাদকের মামলা রয়েছে। শুক্রবার রাতে গোদাগাড়ী থানার বিজয়নগর মোড় থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে শীষ মোহাম্মদ পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন সময় অভিযান চালাচ্ছিল। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোদাগাড়ী থানার বিজয়নগর মোড় থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ছয় রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫০০ গ্রাম হেরোইন ও দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।