
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার আহবান জানিয়েছেন। উপাচার্য বলেছেন, প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমেও আলোচনা হতে পারে। মহামান্য চ্যান্সেলর, শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকেও তৃতীয় পক্ষের ভূমিকা গ্রহণ করা যেতে পারে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণ কাজের টাকা পয়সার ভাগবাটোয়ারা নিয়ে বিশ্ববিদ্যালয় শাখার কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা হয়নি। কোনো ছাত্রনেতাকে টাকা পয়সা দেয়া হয়নি। উপাচার্যের ‘মধ্যস্থতায়’ অর্থাৎ আমার মাধ্যমে কাউকে কোনো টাকা দেয়া হয়নি। এটি সত্যের অপলাপ মাত্র। কোনো একটি স্বার্থবাদী মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে অব্যাহতভাবে এই অসত্য তথ্য প্রচার করছেন।
উপাচার্য বলেন, অসত্য ও ভিত্তিহীন অভিযোগে তিনি পদত্যাগ করবেন না এবং পদত্যাগ করার প্রয়োজনও নেই। এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, প্রো-উপাচার্য (প্রশাসন) সহ কয়েকজন শিক্ষকের মোবাইল ফোন বন্ধ করার ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা ছিল না। এটি চরম মিথ্যাচার। বিটিআরসি উপাচার্যের কথায় চলে না। উপাচার্য হিসেবে তিনি এতো শক্তিশালী বা ক্ষমতার অধিকারী নন। অপর এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং অন্যান্য যেসব অভিযোগ করা হচ্ছে, এক্ষেত্রে তিনি মানহানি মামলা করার ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। এ বিষয়ে পরবর্তীতে চিন্তা করার অবকাশ আছে। উপাচার্যের অফিস কক্ষে সন্ধ্যে সাড়ে ছয়টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, অনুষদ ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আন্দোলনকারীরা ভিসি'র আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে একগুচ্ছ কর্মসূচি দিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে ছুটির মধ্যে (৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর) 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে চলমান আন্দোলনের সংবাদ, ছবি প্রদর্শন করা হবে ক্যাম্পাসের শহীদ মিনার ও রেজিস্ট্রার ভবনের সামনে। ১০ অক্টোবর ঢাকায় গণমাধ্যমের স্টাফ রিপোর্টারদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন আন্দোলনরতরা। আগামী ১৫ অক্টোবর ক্যাম্পাসে পদযাত্রা ও সমাবেশ, ১৬ অক্টোবর বিক্ষোভ মিছিল এবং ১৭ অক্টোবর দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট জনদের নিয়ে সংহতি সমাবেশের আয়োজন করবে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অক্টোবরের ১৯ তারিখ সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল করবে তারা। এ বিষয়ে আন্দোলনে সক্রিয় থাকা বাংলা বিভাগের শিক্ষক রেজাউল করিম বলেন, ঠিক এ মুহূর্তে প্রশাসনের সাথে আলোচনার কোন পরিবেশ নেই। তৃতীয় পক্ষের মধ্যস্থায়ও আলোচনা সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। ইতোমধ্যে আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে আচার্যের নিকট আমরা চিঠি দিয়েছি। চলমান আন্দোলন সম্পর্কে ভিসিপন্থী শিক্ষকদের সংগঠন "বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ" এর সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, উপাচার্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কিন্তু আন্দোলনকারীরা এক অর্থে তা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে। আমরাও আলোচনা করে নতুন কর্মসূচি দেওয়ার কথা ভাবছি। উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগ তুলে তার স্বেচ্ছা পদত্যাগে গত এক অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। ওই সময়ের মধ্যে পদত্যাগ না করায় গত বুধবার-বৃহস্পতিবার উপাচার্যকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বর্তমানে ক্যাম্পাস ছুটি ; খুলবে ১৫ অক্টোবর।