
নিউজ ডেস্কঃ অবশেষে পদ্মায় পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার স্থিতিশীল অবস্থায় থাকার পর শুক্রবার বিকেল থেকে পানি কমতে শুরু করে। শুক্রবার বিকেলে পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ২ সেন্টিরমিটার পানি কমে। রাতে আরও ৩ সেন্টিমিটার পানি কমেছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। বর্তমানে পদ্মায় বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে শনিবার সকাল থেকে আবারও পানি স্থিতিশীল রয়েছে। পদ্মার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে পদ্মার অন্যতম শাখা মাথাভাঙ্গা নদীর পানিও। শনিবার সন্ধ্যার মধ্যে পানি বিপদসীমার নিচে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। পানিবাহিত রোগসহ এলাকায় ব্যাপক ভাবে বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে গেছে। প্রতিদিনই পানিতে ভেসে আসছে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। ভারত থেকে বন্যার পানির সঙ্গে এসব সাপ ভেসে বাংলাদেশে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে দুর্ভোগের সঙ্গে সাপ আতঙ্ক দেখা দিয়েছে পানিবন্দি মানুষের মাঝে। চিলমারী ইউনিয়নের খারিজাথাক গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী জানান, প্রতিদিনই বিভিন্ন প্রজাতির বড় বড় সাপ দেখা যাচ্ছে। দিনের আলোতে সাপগুলোকে দেখা গেলেও রাতের অন্ধকারে কখন ঘরের মধ্যে চলে আসছে তা বোঝা যাচ্ছে না। তাই রাতের বেলায় সাপের ভয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, দুর্গত এলাকায় প্রতিদিন ত্রাণ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যেই চিড়া, বিস্কুট, তেল, নুডুলস সম্বলিত ৬ হাজার প্যাকেট ও ২২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। আরও ২০ মেট্রিকটন চাল ও এক হাজার মেট্রিকটন শুকনা খাবার বরাদ্দ পাওয়া গেছে। শনি ও রোববার সেগুলো বিতরণ করা হবে।