
নিউজ ডেস্কঃ পেঁয়াজের মতো কোনো পণ্যের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের বিষয়গুলো আগে বাংলাদেশকে জানাতে ভারত সরকারের প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাতে বাংলাদেশ সেসব পণ্য বিকল্প বাজার থেকে আমদানি করতে পারে। প্রধানমন্ত্রী হিন্দিতে খেয়ালি করে বলেন, ‘হঠাৎ করে আপনারা (ভারত) পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন। যদি আমাদের আগে এ বিষয়ে জানানো হত তাহলে আমরা অন্য দেশ থেকে ব্যবস্থা করতে পারতাম। ভবিষ্যতে এ ধরনের কোনো সিদ্ধান্ত যদি আপনারা আগে আমাদের জানান তাহলে ভালো হয়।’ প্রধানমন্ত্রী মজা করে বলেন যে তিনি ইতিমধ্যে তার রাঁধুনিকে রান্নায় পেঁয়াজ ব্যবহার বন্ধ করতে বলেছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে হোটেল আইটিসি মৌর্যতে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। ভারত সরকার অভ্যন্তরীণ চাহিদা সামাল দিতে ২৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। যার প্রভাবে বাংলাদেশে পেঁয়াজের বাজার উত্তপ্ত হয়ে পড়ে। প্রায় সবখানে দাম কেজি প্রতি ১০০ টাকার ওপরে উঠে যায়। এদিকে, বর্তমান নিষেধাজ্ঞার আগে করা এলসির আওতায় প্রায় ৬০ ট্রাকে করে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ শুক্রবার হিলি স্থলবন্দর দিয়ে দেশে আসা শুরু হয়েছে। সেই সাথে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসছে ২০০ ট্রাক।