
নিউজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম মাহামুদুর রহমান মোল্লার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে তাদের একটি টিম ঝিকরগাছা উপজেলার শিয়ালকোনা গ্রামের একটি কলাবাগানে অভিযান চালায়। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় শহিদুল ইসলাম (৪৫), ফজলুর রহমান (৫০), মিজানুর রহমান (৪৮), আলী হায়দার (৩৩), মজিবুর রহমান (৪৫), আব্দুল কুদ্দুস শেখ (৬৭), ও জালালকে (৩৫) আটক করা হয়। একইসঙ্গে ২৩ সেট তাস, নগদ ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা ও পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আটকদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।