
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তির জন্য কারো কাছে মাথা নত করবেন না। আইনি প্রক্রিয়ায় না হলে আন্দোলনের মাধ্যমেই তিনি মুক্ত হবেন। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ‘প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসহায় বিচার ব্যবস্থা, গণতন্ত্রের মুক্তি আর কত দূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ সভার আয়োজন করে। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, একটা বানোয়াট মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। যে টাকার জন্য তার সাজা হয়েছে সেই দুই কোটি টাকা এখন আট কোটি টাকায় পরিণত হয়েছে। একটা টাকাও তিনি স্পর্শ করেননি। কোনো কাগজপত্রে তার স্বাক্ষর নাই। এখন পর্যন্ত কোনো সাক্ষী সুস্পষ্ট করে বলতে পারেননি এ মামলার কোথায় খালেদা জিয়া জড়িত। তারপরেও সাজা হয়েছে, কারণ এটা একটা রাজনৈতিক প্রতিহিংসার মামলা। তিনি বলেন, খালেদা জিয়া অবশ্যই জেলখানা থেকে মুক্ত হবেন। তিনি যেদিন কারাগার থেকে মুক্ত হবেন, সেদিন বাংলাদেশের গণতন্ত্র পুনরায় মুক্ত হবে। জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভবপর নয়। খালেদা জিয়া কারাগারে থেকে কষ্ট করবেন তবুও তিনি এ সরকারের সঙ্গে আপস করবেন না। তাই আপনাদের সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।