
নিউজ ডেস্কঃ চার দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত সীমান্তে আটকে থাকা আগের এলসি করা পেঁয়াজ রফতানি করার অনুমতি দিয়েছে ভারতীয় সরকার, বলে জানিয়েছেন ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সনজিৎ মজুমদার। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে আসা শুরু হয়। এ বিষয়ে হিলি স্থলবন্দরের ব্যবসায়ী মোর্শেদুর রহমান ও নাজমুল হক জানান, চলতি বর্ষা মৌসুমে ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক বন্যায় পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ভারতে পেঁয়াজের সংকট সৃষ্টি হলে দাম কয়েকগুণ বেড়ে যায়। অভ্যন্তরীণ মজুদ স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ ঠেকাতে তাদের কেন্দ্রীয় সরকার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি পুরোপুরি বন্ধ করে দেয়। এ অবস্থায় সীমান্তের ওপারে প্রায় ৬০টি ট্রাকে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আটকে যায়। এতে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করেন। অবশেষে চারদিন পর আগের এলসি করা পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রফতানি করার অনুমতি দেওয়া হয়।