
নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) উদ্যোগে এলপিজি সিলিন্ডারের সঠিক ব্যবহার ও নিরাপত্তা শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর উত্তরায় অবস্থিত বিপিআই মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়। প্রশিক্ষণে প্রথমবারের মতো বসুন্ধরা এল পি গ্যাস লি. অংশ নেয়। মো. সামসুল আলম, ড. মো. আব্দুল হান্নান এবং প্রকৌশলী জাকারিয়া জালাল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন।
উদ্বোধনী বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব বলেন, এলপিজি সিলিন্ডার আসলে নিরাপদ জ্বালানি, এ বোধটাই আমরা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে সবাইকে বোঝাতে চাই। এলপিজি ব্যবহার মানেই সবার মনের মধ্যে বিস্ফোরণের কথা আসে, অথচ বাসা বাড়িতে বৈদ্যুতিক লাইন এবং গাড়িতে সিএনজি সিলিন্ডার থেকেও অধিক নিরাপদ এলপিজি সিলিন্ডার। শুধু প্রয়োজন একটু সচেতনতার। বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে নিয়ে এ উদ্যোগ আমাদের এবারই প্রথম, আমরা চাই বসুন্ধরা এলপি গ্যাস কোম্পানির মতো আরও প্রতিষ্ঠান আমাদের প্রশিক্ষণ কর্মকাণ্ডে সহযোগিতা ও পরামর্শ দিয়ে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন বসুন্ধরা এল পি গ্যাসের বিপণন, প্রকৌশলী এবং বিতরণ বিভাগের কর্মকর্তারা।