
নিউজ ডেস্কঃ তখনো হালকা কুয়াশার মায়াবী চাদর বকুলতলায়। এমন মায়াবী শারদপ্রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ছন্দে শরৎ বন্দনা করলেন ছায়ানটের শিল্পীরা। শুক্রবার (৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ছায়ানট আয়োজন করে শরতের অনুষ্ঠানের। এসময় ‘ওগো শেফালি বনের মনের কামনা’ গানটির সম্মিলিত পরিবেশনায় শুরু হয় শরৎ বন্দনা। প্রকৃতিতে শরৎ এসেছে অনেক আগেই। শুক্রবার সকালে ষষ্ঠী পূজোর মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মীরাও মেতেছেন শারদোৎসবে। আর শরতের এই শেষ ভাগে আশ্বিনের সকালে রাজধানীতে সুর-গীতি-নৃত্যে শরৎকে আবারও নতুন করে উদযাপন করলো ছায়ানট।
আয়োজন নিয়ে সম্পাদক লাইসা আহমেদ লিসার বলেন, বাংলাদেশের মতো ছয় ঋতুর দেশ তো কোথাও পাওয়া যাবে না। আমরা যে প্রকৃতির সন্তান, তা এ ঋতুচক্রের মধ্য দিয়ে বুঝতে পারি। এ আয়োজনের মধ্য দিয়ে ঋতু চক্রের মতোই আমরা মিলেমিশে আছি। একইসঙ্গে এ উৎসবের মধ্যে দিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চর্চা করি। গানের মধ্য দিয়ে আমরা ঋতুর মতো সবার সঙ্গে মেলবন্ধন তৈরি করি। সেই জায়গা থেকেই প্রীতি ও ভালোবাসার টানে সবার একত্রিত হওয়া।চারুকলা অনুষদের বকুলতলায় শরতের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা হয়। বকুলতলায় পরিবার এবং বন্ধুদের নিয়ে আয়োজনে যোগ দিতে দেখা গেছে অনেককেই। এসময় মুড়ি-মুড়কির সঙ্গে সবাই উপভোগ করেছেন শরতের রাঙা সকালটা। অনুষ্ঠানস্থলে এসেছিলেন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনও।