News71.com
 Bangladesh
 04 Oct 19, 01:52 PM
 54           
 0
 04 Oct 19, 01:52 PM

আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের, অনিশ্চয়তায় সমাপনী ।।

আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের, অনিশ্চয়তায় সমাপনী ।।

নিউজ ডেস্কঃ বেতন-বৈষম্য নিরসনের এক দফা দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন দেশের ৬৫ হাজার ৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন লক্ষাধিক শিক্ষক। এ জন্য কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের এ কর্মসূচির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে প্রাথমিকের সমাপনী পরীক্ষা। জানা গেছে, চলতি মাসের ১৪ থেকে ১৭ অক্টোবর কর্মবিরতি পালনের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা। পরে ২৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয়া হবে। সূত্র জানায়, ১৪ অক্টোবর এক ঘণ্টা কর্মবিরতি, ১৫ অক্টোবর দুই ঘণ্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এছাড়া ২৭ অক্টোবর সহকারী শিক্ষকরা ঢাকায় মহাসমাবেশ এবং সেখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন। অপরদিকে, ২৭ নভেম্বর থেকে সারাদেশে একযোগে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। সমাপনী পরীক্ষার মাত্র এক মাস আগে শিক্ষকদের এ ধরনের কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

এ জোটের সমন্বয়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, বেতন বৈষম্য নিরসনের প্রস্তাব অর্থমন্ত্রণালয় থেকে নাকচ হওয়ার পর এখন বসে থাকলে হবে না। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রায় সব সংগঠন এক হয়ে ‘ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে। তিনি জানান, ঐক্য পরিষদ নেতাদের মধ্যে সমঝোতা হয়েছে ১৪ থেকে ১৭ অক্টোবর কর্মবিরতী পালন হবে এবং ২৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ। তিনি আরও জানান, ৬ অক্টোবর রাজধানীতে সংবাদ সম্মেলন করে ঐক্য পরিষদের আত্মপ্রকাশ এবং সেখানেই বেতন বৈষম্য নিরসনে পরবর্তী করণীয় তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে শিক্ষকদের কর্মবিরতি ও মহাসমাবেশের ঘোষণা আসবে। উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ৬৫ হাজার ৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ২৫ হাজার সহকারী শিক্ষক ও ৪২ হাজার প্রধান শিক্ষক রয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দীর্ঘদিন ধরেই বেতন দশম গ্রেড এবং সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডের দাবি জানিয়ে আসছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন