News71.com
 Bangladesh
 04 Oct 19, 01:51 PM
 52           
 0
 04 Oct 19, 01:51 PM

মুক্তিযোদ্ধাদের আমৃত্যু সেবা প্রদানকে স্বাগত ।।

মুক্তিযোদ্ধাদের আমৃত্যু সেবা প্রদানকে স্বাগত ।।

নিউজ ডেস্কঃ স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের জন্য বিশেষ সম্মান দেখাতে মন্ত্রণালয়ের সব ধরনের যানবাহনে চলাচলের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের আর কোনো টাকা লাগবে না। মুক্তিযোদ্ধারা এসব সেবা ভোগ করবেন আমৃত্যু। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের দিন থেকে বিষয়টি কার্যকর হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিসি। সিদ্ধান্তটি কার্যকর হওয়ার আগেই সংশ্লিষ্টদের মাঝে ভিন্নমতের আবির্ভাব ঘটেছে। ভিন্ন মতাবলম্বীরা বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের নাতি-নাতনিরা রাষ্ট্রের সব ধরনের সুবিধা পাক এ নিয়ে তাদের আপত্তি নেই। তবে সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যয়ের বিষয়টি বিবেচনা করতে হবে। কারণ উল্লেখ করতে গিয়ে তারা বলেন, এটি সাময়িক কোনো অনুদান নয়, আজীবন এ সিদ্ধান্তকে কার্যকর রাখতে হবে। তাছাড়া বিআইডব্লিউটিসির একমাত্র লাভজনক বাহন ফেরি। দৈনিক তিনটি ফেরি মুক্তিযোদ্ধাদের বহনে ব্যবহার হলে আর্থিক ক্ষতি বাড়বে। সরকারকে প্রতি বছর কয়েক কোটি টাকা এই খাতে সংযোজন করতে হবে। ভিন্নমত পোষণকারীরা বলেন, মন্ত্রণালয়ের নানা কাজে অর্থের অপচয় হয়ে থাকে। এমনকি এসব ফেরিসহ আনুষঙ্গিক যানবাহনে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বছরে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে। মন্ত্রণালয়ের স্বচ্ছতা ফিরিয়ে দুর্নীতির পথ বন্ধ করতে পারলেই অর্থ সংকটের কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ অকালেই মৃত্যুবরণ করবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই সেবা তাদের প্রাপ্য। মুক্তিযোদ্ধাদের পক্ষে স্বাক্ষর করে বলছি, ‘আমরা কারো অনুগ্রহ বা অনুকম্পা পাওয়ার প্রত্যাশায় যুদ্ধে অংশগ্রহণ করিনি। দেশমাত্রিকার পবিত্রতা রক্ষার জন্যই যুদ্ধে গিয়েছি। মা-বোনদের ইজ্জত রক্ষাকে দায়িত্ব মনে করেই যুদ্ধে গিয়েছি। যুদ্ধে গিয়েছি একটি পতাকা এবং মানচিত্র পাওয়ার জন্য। আমরা তা পেয়েছি। এখন শুধু একটিই চাওয়া। সম্মান দিতে না পারেন, অসম্মান করবেন না। নৌ মন্ত্রণালয় আমাদের যে সম্মান দিতে চেয়েছে তা নিয়ে নিজেদের মাঝে বিতর্ক উত্থাপন করে মুক্তিযোদ্ধাদের অহেতুক অসম্মান করা থেকে বিরত থাকলে আমরা খুশি হবো। আমরা কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় মন্ত্রণালয়ের কাছে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা আবেদন-নিবেদন করতে পারেন না বা করেননি। সুতরাং আমাদের আমাদের মতো থাকতে দিন। আল্লাহর মহান কৃপায় আমরা ভালো আছি এবং থাকব। আবারও বলছি, সম্মান দিতে না পারলে দেবেন না। সে ক্ষেত্রে কোনো অভিযোগও থাকবে না। তবে অসম্মানিত হলে কষ্টের মাত্রাটা বেড়ে যায়। অনুগ্রহপূর্বক আমাদের কষ্টের মাত্রাকে আর বাড়াবেন না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন