News71.com
 Bangladesh
 03 Oct 19, 12:07 PM
 89           
 0
 03 Oct 19, 12:07 PM

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে মারল ছাত্রলীগ নেতা ।।

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে মারল ছাত্রলীগ নেতা ।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কাজীপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পাটগ্রামে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই বাবা মারা যান। পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। নিহত আবদুর রউফ (৪৫) উপজেলার ধুবলাই গ্রামের কোরবান আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম (২৮) কাজীপুর পৌর এলাকার আলমপুরের ইসলাম হোসেনের ছেলে এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। কাজীপুর থানার ওসি লুৎফর রহমান ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুনকে ছাত্রলীগ নেতা আমিনুল প্রায়ই উত্ত্যক্ত করতেন। সম্প্রতি সোনিয়ার বাবা আবদুর রউফ বিষয়টি আমিনুলের মা-বাবাকে জানান। এতে আমিনুল আরো বেপরোয়া হয়ে ওঠেন। গতকাল দুপুরের দিকে আবদুর রউফ বাসায় ফিরছিলেন। এ সময় আমিনুল ও তাঁর সহযোগীরা তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যান। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে সেখানেই তিনি মারা যান। ওসি জানান, এই ঘটনায় আমিনুলসহ কয়েকজনকে আসামি করে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা হয়েছে। কাজীপুর থানা পুলিশ পাটগ্রাম বাজার থেকে আমিনুলকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন