
নিউজ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর সার্ধশততম (১৫০ তম) জন্মবার্ষিকী পালন করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন। বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বুধবার (২ অক্টোবর) দিনটি পালন করেছে বলে ঢাকাস্থ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'শিক্ষামন্ত্রী ড. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন। ঢাকার দিল্লি পাবলিক স্কুল, এস এফ এক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা ও বাংলাদেশ স্কাউট সদস্যরা অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেন। মহাত্মা গান্ধীর বিভিন্ন আদর্শ এবং কীভাবে এই আদর্শগুলো তাদের অনুপ্রাণিত করেছে সে বিষয়টি তারা অতিথিদের সামনে তুলে ধরেন।' অনুষ্ঠানে গান্ধীর প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে' পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে তাকে 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে' বই উপহার দেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার। শর্মিলা ব্যানার্জী ও তার দল সঙ্গীত পরিবেশনার মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিশ্বের ১২৪টিরও বেশি দেশের শিল্পীরা তাঁর প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে' গেয়ে গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন।